নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার একদিন পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাহের আলী উপজেলার সাগরইল গ্রামের মৃত দেওয়ান মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে সোহেল বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও একাধিকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সোমবার মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

