Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ, বছরে প্রিমিয়াম ৬০০ টাকা

কুবি প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী বছরে ৬০০ টাকা বা মাসে ৫০ টাকা প্রিমিয়াম দিয়ে এ বিমার সুবিধা নিতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাস্থ্যবিমার চেক প্রদান অনুষ্ঠানের পর আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও জেনিথের প্রতিনিধিরা।

জেনিথের প্রস্তাব অনুযায়ী, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীকে নির্ধারিত প্রিমিয়াম পরিশোধ করতে হবে। বিমার আওতায় থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী আহত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী চিকিৎসা ও আর্থিক সুবিধা পাবেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সুবিধা পাবে। পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হলে শিক্ষার্থীকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।

জেনিথের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদের জন্যও বিমা সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ কভারেজ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির আওতায় একশর বেশি নেটওয়ার্ক হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে শিক্ষার্থীরা ডিসকাউন্ট ও ক্যাশলেস চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া বিমার অর্থ সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পরিশোধ করা হবে।

তিনি আরও জানান, শিক্ষকদের স্বাস্থ্যবিমার বিপরীতে এদিন বিশ্ববিদ্যালয়কে সাড়ে ছয় লাখ টাকার চেক কভারেজ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, জেনিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় এবং এ বিষয়ে কিছু সুবিধার প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই জেনিথের সঙ্গে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।