হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা পরিচালক শাহরিয়া বিন মিজানুরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, আম্রকানন শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মো. আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, জেলা বিএনপির সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা এবং সিকিউরিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ব্যবস্থাপক মো. মেসবাউর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
‘বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি, আঁধার দুনিয়ায়’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়।

