মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের পুরান হাটি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন খালিয়াজুরী গ্রামের শুকুর আলী মিয়া ওরফে দিলা মিয়ার ছেলে মো. সাগর মিয়া (৩০), নায়েব আলীর ছেলে মো. আবু হানিফ (৫৫) ও রসউদ্দিন মিয়ার ছেলে মো. শাহিন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল আবু হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশি পাহারায় তাঁদের নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

