নওগাঁ প্রতিনিধি
ম্যানারস শেখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র্যাগিং বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। তিনি বলেছেন, র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রত্ব বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা করে আইনগত পদক্ষেপও নেওয়া হবে।
রোববার দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, জুনিয়রদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের আইসক্রিম বা কেক খাওয়ানোতে কোনো বাধা নেই। কিন্তু রাতের অন্ধকারে ডেকে নিয়ে ম্যানারস শেখানোর নামে কোনো ধরনের হয়রানি করা যাবে না। এমন ঘটনা ঘটলে তিনি নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছেন। কোনো জুনিয়র শিক্ষার্থীকে র্যাগিংয়ের শিকার হতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে মানসম্মত ও নতুন মডেলের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে চান, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত হবে। গবেষণার জন্য ডিজিটাল লাইব্রেরি রয়েছে। শিক্ষকদের গবেষণা কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
উপাচার্য আরও বলেন, নওগাঁর মানুষের আস্থার প্রতিদান দিতে ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণসহ পাঁচটি বিশেষায়িত ভবন তৈরির কাজ শুরু করতে চান তাঁরা। এ জন্য সরকারের কাছে প্রকল্পটি দ্রুত অনুমোদনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

