মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বসতবাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নয় মাসের অন্তঃসত্ত্বা।
আহতরা হলেন বড়রিয়া গ্রামের মৃত আকুব্বর শেখের ছেলে মো. রাসেল শেখ (৩৫) ও তাঁর স্ত্রী আলমতি বেগম (৩০)। রাসেল পেশায় গাড়িচালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসতবাড়ির ভেতরে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মঈন সরদারের ছেলে মারকিন সরদারের সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারকিন ধারালো দা দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে আলমতি বেগমকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আলমতি বেগমের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

