কয়রা প্রতিনিধি
সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রাখার তথ্য পায় কোস্ট গার্ড। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া অভিযান পরিচালনা করে। এ সময় শিকারির পাতা ফাঁদে আটকে থাকা জীবিত হরিণটি উদ্ধার করা হয়।
পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় সেটিকে অবমুক্ত করা হয়।
সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

