Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার আকিল আহমেদ ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের জাতীয় সভাপতি নির্বাচিত

বরগুনা প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি

উপকূলীয় জেলা বরগুনা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে জায়গা করে নিয়েছেন তরুণ আকিল আহমেদ। ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (VDF) জাতীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। বিজ্ঞানচর্চা, পরিবেশবান্ধব উদ্ভাবন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত এই তরুণের সাফল্যে আশাবাদী বরগুনার তরুণ সমাজ।

গত ২ নভেম্বর অনুষ্ঠিত VDF-এর জাতীয় নির্বাহী কমিটির নির্বাচনে সারা দেশের স্বেচ্ছাসেবকদের ভোটে সভাপতি নির্বাচিত হন আকিল। এর আগে তিনি সংগঠনটির বরগুনা জেলা কমিটির সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৪ সালের ২৭ এপ্রিল বরগুনা সদর উপজেলায় জন্মগ্রহণ করেন আকিল আহমেদ। বরগুনা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) উচ্চশিক্ষা গ্রহণ করছেন তিনি।

বিজ্ঞান ও পরিবেশবান্ধব উদ্ভাবনে আকিলের উল্লেখযোগ্য উদ্যোগ ‘প্রজেক্ট শূন্য’। এ প্রকল্পের মাধ্যমে আখের ছোবড়া ব্যবহার করে প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব প্লেটসহ বিভিন্ন পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিজ বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্য নিয়ে পরিচালিত এ প্রকল্প জাতীয় পর্যায়ে ‘তরুণ উদ্ভাবক ও অপেশাদার বিজ্ঞানী’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে তাঁর বিভিন্ন প্রকল্প জেলা ও বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে।

২০১৮ সাল থেকে স্থানীয় পর্যায়ে বিজ্ঞানচর্চার প্রসারে কাজ করছে বরগুনা সায়েন্স সোসাইটি (বিএসএস)। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আকিল। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করা, হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ তৈরি এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে কাজ করছে সংগঠনটি। বরগুনায় মহাকাশ ক্যাম্পসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক আয়োজনেও যুক্ত রয়েছেন তিনি।

সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশেও ভূমিকা রেখেছেন আকিল। তিনি বাংলাদেশ ইয়ুথ মক পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে শ্রীলঙ্কা সফর করেন। স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে অর্জন করেন ‘ন্যাশনাল বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’।

জাতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্ব বিকাশকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন আকিল আহমেদ। তিনি বলেন, ‘আমি উপকূলীয় জেলা থেকে উঠে এসেছি। তাই উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থী ও তরুণদের নিয়ে কাজ করার বিশেষ আগ্রহ রয়েছে। তাঁদের নেতৃত্বের সক্ষমতা বাড়াতে চাই, যেন তাঁরা নিজেদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পারেন এবং উপকূলের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেন।’

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণদের বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে যুক্ত করে আন্তর্জাতিক মানের নেতৃত্ব তৈরিতে কাজ করতে চান। দেশের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রয়োজন সেই সম্ভাবনা বিকাশের উপযুক্ত সুযোগ, দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ তৈরি করা।

বরগুনার স্থানীয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুরু হওয়া আকিল আহমেদের পথচলা এবার জাতীয় নেতৃত্বে পৌঁছেছে। নতুন দায়িত্বের মাধ্যমে উপকূলের তরুণদের সংগঠিত করা এবং তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রত্যাশা করছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।