নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামের কামারকোষা এলাকায় এ অভিযান চালানো হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহযোগিতায় পরিচালিত অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(১) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে সাতটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ ও অনিরাপদ গ্যাস সংযোগের কারণে গ্যাস লিকেজ ও অগ্নিকাণ্ডসহ প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছিল। এ ছাড়া সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছিল।
সরকারি সম্পদ রক্ষা, রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নরসিংদী জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

