কুষ্টিয়া প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য দেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটির বৈদ্যুতিক সংযোগ ও তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দৌলতপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ সুপার তাঁকে ফোন করেছিলেন। এলাকাটি প্রাগপুর জোনের আওতাধীন হওয়ায় ওই জোনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের স্থাপিত মিটারটি ছিল বাড়ির এক পাশে, অথচ আগুনের সূত্রপাত হয়েছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা তাঁরা দেখছেন না।
এদিকে শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) মো. তুজাম্মের হক। তিনি জানান, পল্লী বিদ্যুতের সংযোগ থেকে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে তাঁদের তদন্তে উঠে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক ধারণা এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পর্যবেক্ষণে ভিন্নতা থাকায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্তের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

