Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হারানো ক্রীড়া ঐতিহ্য ফেরানোর প্রত্যাশা

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘ প্রায় দেড় যুগ পর ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা স্টেডিয়াম ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

একসময় জাতীয় ক্রিকেট দলের দুই তারকা রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাকের জন্মস্থান হিসেবে দেশের ক্রিকেটে গর্বের পরিচয় ছিল বাগেরহাটের। জমজমাট ক্রিকেট লিগ, দর্শকের উপস্থিতি ও নিয়মিত প্রতিযোগিতায় মুখর থাকত জেলার ক্রীড়াঙ্গন। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, মাঠের দুরবস্থা এবং নিয়মিত খেলার আয়োজন না থাকায় সেই ঐতিহ্য এখন অনেকটাই ম্লান।

২০১২ সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ন্ত্রিত খেলা ছাড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নিয়মিত কোনো ক্রিকেট লিগ বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ হয়েছে মাত্র একবার, ২০২৩ সালে। প্রথম বিভাগ ক্রিকেট লিগ সর্বশেষ অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। মাঠে খেলার উপযোগী পিচ ও পর্যাপ্ত অনুশীলন সুবিধার অভাবের পাশাপাশি নেই ক্রিকেটের জন্য ইনডোর ব্যবস্থা। কাবাডির জন্য নির্মিত ইনডোর স্টেডিয়াম থাকলেও সেখানেও নিয়মিত খেলার আয়োজন নেই।

এবারের নির্বাচনে বিভিন্ন পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ২১ জন প্রতিনিধি নির্বাচন করবেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসকেন্দার হোসেন ও সৈয়দ মোরশেদ আনোয়ার। এ ছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুজন, নির্বাহী সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে তিনজন প্রার্থী রয়েছেন।

একক প্রার্থী থাকায় সহসভাপতি পদে চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে জেলা প্রশাসক কমিটির সভাপতি এবং পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

সাধারণ সম্পাদক প্রার্থী এসকেন্দার হোসেন বলেন, নির্বাচিত হলে প্রতিবছর নিয়মিত লিগ ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করবেন। পাশাপাশি ক্যাম্পেইনের মাধ্যমে নতুন খেলোয়াড় খুঁজে বের করে জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

অপর প্রার্থী সৈয়দ মোরশেদ আনোয়ার বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে বিভিন্নভাবে রাজনীতিকরণ করা হয়েছে। তিনি ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে চান। প্রতিটি বাড়ি থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তোলার চেষ্টা করবেন।

অন্যান্য প্রার্থীরাও নিয়মিত খেলাধুলার আয়োজন, মাঠ ও প্রশিক্ষণ সুবিধার উন্নয়ন এবং দক্ষ কোচের মাধ্যমে খেলোয়াড় তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পারলে বাগেরহাট আবারও জাতীয় পর্যায়ের খেলোয়াড় উপহার দিতে পারবে।

জেলা ক্রীড়া অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার হুসাইন আহমাদ জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

সাবেক খেলোয়াড় ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শুধু নতুন কমিটি গঠন করলেই জেলার ক্রীড়াঙ্গনের সংকট কাটবে না। প্রয়োজন নিয়মিত প্রতিযোগিতা, মাঠের অবকাঠামো উন্নয়ন, অনুশীলনের উপযুক্ত পরিবেশ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

দেড় যুগের স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব বাগেরহাটের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে পারবে কি না, এখন সেই অপেক্ষায় ক্রীড়ামোদীরা। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটির হাত ধরে ফিরবে বাগেরহাটের হারানো ক্রীড়া ঐতিহ্য। আবারও এই জনপদ থেকে উঠে আসবে রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাকের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের তারকা খেলোয়াড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।