Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজেন্দ্রপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ১৪, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আশপাশে ঘনবসতি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামরিক স্থাপনা থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ স্টেশন ব্যবহার করেন। তবে গুরুত্বপূর্ণ এ স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে এসব ট্রেনে যাতায়াত করতে হলে যাত্রীদের অন্য স্টেশনে যেতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন দুটির যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না আসায় শনিবার তাঁরা রেললাইন অবরোধ করেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টাঙিয়ে দেন। এতে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনেও অবস্থান নেন তাঁরা। সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকে রাখা হয়। এ সময় রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করেন আন্দোলনকারীরা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, এর আগে স্থানীয় বাসিন্দারা শ্রীপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করেছিলেন। এবার রাজেন্দ্রপুরে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে তাঁরা আন্দোলনে নামেন। এ সময় সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত যমুনা এক্সপ্রেস আটকে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

স্থানীয় সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, রাজেন্দ্রপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন ও ট্রেন আটকে রাখার খবর পেয়ে তিনি মুঠোফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের জানিয়েছেন, ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি রেল মন্ত্রণালয়ের অধীন এবং এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রয়োজন। তবে রাজেন্দ্রপুর এলাকায় একটি সেনানিবাস রয়েছে। সেনানিবাসের পক্ষ থেকেও যাতায়াতের সুবিধার্থে সেখানে ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, সকাল ৬টা থেকে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে স্টেশন ও ট্রেনের ভেতরে অপেক্ষা করতে হয়।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, রাজেন্দ্রপুরের যাত্রী চাহিদা, এলাকার গুরুত্ব এবং সেনানিবাসের যাতায়াত সুবিধা বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।