একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সেখ নাসিরুদ্দিন বিড়িসহ হযরত আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর গ্রামের পলাতক আসামি বিল্লালের বসতঘরের সামনের উঠানে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হযরত আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে। পলাতকরা হলেন—মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা অবৈধ বিড়ি খালাসের সময় হযরত আলীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর তিনজন পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। প্রতিটি শলাকার আনুমানিক মূল্য ৪ টাকা হিসাবে জব্দ করা বিড়ির মোট বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

