Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাজারে উঠছে নতুন আমন ধান, কম দামে হতাশ কৃষক

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
নভেম্বর ১৫, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় হাটবাজারে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। তবে মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। এ পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার দাবি জানিয়েছেন চাষিরা।

শৈলকুপা সদর, রয়ড়া, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, শিতালী, ধাওড়া, হাট ফাজিলপুর ও লাঙলবাঁধসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে। এ দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।

হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে। অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকার বেশি। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে তেমন লাভ থাকছে না।

লাঙলবাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ বলেন, ‘আমি প্রতি মণ ধান ১ হাজার ১৩০ টাকা দরে বিক্রি করেছি। সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হলে আমরা ন্যায্যমূল্য পেতাম এবং লাভবান হতাম।’

কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও সেই অনুপাতে ধানের দাম বাড়ছে না। এ অবস্থায় প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা এবং সরকারি সংগ্রহ কার্যক্রমে তাঁদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

লাঙলবাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন বলেন, বর্তমানে তাঁরা প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা দরে কিনছেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।