জয়পুরহাট প্রতিনিধি
ভোরের আলো ফুটতেই জমে ওঠে কলার বেচাকেনা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও ক্রেতা-বিক্রেতার দরদাম, আবার কোথাও ট্রাকে কলা তোলার ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই বেচাকেনায় প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার কলা বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন কলা কিনতে। এমনই ব্যতিক্রমী কলার বাজার গড়ে উঠেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহে।
প্রায় পৌনে দুই বিঘা জায়গাজুড়ে অবস্থিত দুর্গাদহ কলার হাটে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষক ও পাইকারেরা কলা নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখান থেকে কলা কিনে ট্রাক ও পিকআপে করে নিয়ে যান। এ হাটে কলা কেনার ক্ষেত্রে ন্যূনতম ১০০টি কেনার নিয়ম রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে পাইকারেরা হাটে নিয়ে আসেন। আবার অনেক কৃষক সরাসরি হাটে কলা বিক্রি করেন। প্রতিদিন এ হাট থেকে ৪০ থেকে ৫০টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।
ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, দুর্গাদহ হাটটি অনেক পুরোনো। আগে এটি সাধারণ হাট ছিল। প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে এখানে শুধু কলা বেচাকেনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে এটি বড় কলার বাজারে পরিণত হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহও বাড়ছে। দুর্গাদহ হাটে সাগর, মালভোগ ও চম্পা জাতের কলা বেশি বিক্রি হয়। এর মধ্যে চম্পা কলার চাহিদা সবচেয়ে বেশি বলে জানান ব্যবসায়ী বেলাল হোসেন।
তিনি বলেন, এই হাটকে কেন্দ্র করে শুধু কৃষক ও ব্যবসায়ীরাই নন, শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী এবং আড়তদারদেরও কর্মসংস্থান হয়েছে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজেই তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। কলার উৎপাদন বাড়াতে এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
হাটে প্রতিদিন বিপুল পরিমাণ কলা বিক্রি হলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। কয়েক দিনের ব্যবধানে কলার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
জয়পুরহাট সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক অহিদুল ইসলাম জানান, ১০ দিন আগে তিনি ১০০টি কলা ৪০০ টাকায় বিক্রি করেছিলেন। কিন্তু ৮ নভেম্বর একই পরিমাণ কলা বিক্রি করতে হয়েছে ২৫০ টাকায়। অর্থাৎ ১০ দিনের ব্যবধানে দাম কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
অন্যদিকে উপজেলার পাকুড়তলি গ্রামের আমজাদ হোসেন এ বছর ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করেছেন। জমি বর্গা ও উৎপাদন মিলিয়ে প্রতি বিঘায় তাঁর খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। সে হিসাবে মোট বিনিয়োগ প্রায় ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন তিনি। গাছে আরও কলা থাকলেও শেষ পর্যন্ত ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন এই কৃষক।
প্রতিদিন বেচাকেনার পরিমাণ বাড়লেও বাড়েনি হাটের জায়গা। ফলে কলা পরিবহন ও ওঠানো-নামানোর ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র বলেন, দূরদূরান্ত থেকে পাইকারেরা কলা কিনতে এলেও জায়গা সংকটের কারণে ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো চলাচল করতে পারে না। এতে পণ্য ওঠানো-নামানো এবং পরিবহনে সময় বেশি লাগে। হাটের জায়গা বাড়ানো গেলে ব্যবসার পরিধি আরও বাড়বে।
জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের তুলনায় দুর্গাদহ হাটের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তাঁর হিসাব অনুযায়ী, এ হাটে প্রতিদিন গড়ে ৪৮ থেকে ৫০ লাখ টাকার কলা কেনাবেচা হয়। অথচ প্রয়োজনীয় অবকাঠামো ও জায়গার অভাবে ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দুর্গাদহ হাটের জায়গা যে কম, তা সত্য। হাটটি সম্প্রসারণের জন্য জায়গা খোঁজা হচ্ছে।

