হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোর-বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
এদিকে সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে যশোর ৪৯ বিজিবি। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়নের হলরুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে বিজিবি সব সময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
সীমান্তের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিজিবি অধিনায়ক
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরার পাশাপাশি সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে। বিজিবি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত এলাকার অপরাধ দমন আরও সহজ হবে।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি আরও কার্যকর করা, স্থানীয় পর্যায়ে তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। সীমান্ত সুরক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

