কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামের ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা আসমা পারভীন গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন।
পুলিশ জানায়, অপহরণকারীরা বারবার মোবাইল নম্বর পরিবর্তন ও অবস্থান বদল করায় তাদের শনাক্ত এবং ভুক্তভোগীকে উদ্ধারে সময় লাগে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারীদের সহযোগী ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তাঁর মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।
অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল। তিনি জানান, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শরণখোলায় তাঁদের এক আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং রুবেল গাজী ও তাঁর মাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

