জয়পুরহাট প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান এবং কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, নজরুলের ইসলামী সংগীত ও গজল, রচনা প্রতিযোগিতা এবং নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী মোট ৩৯ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই ছিল মূল লক্ষ্য।

