খুলনা প্রতিনিধি
খুলনায় বিএনপির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকলেও স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ‘রিফাইন্ড বিএনপি’ গঠনের দাবি জানিয়েছেন সাবেক এই ছাত্রনেতা।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপির রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন খান সাইফুল। পোস্টে তিনি বিএনপি ও জিয়া পরিবারের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে দলের অভ্যন্তরে সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
খান সাইফুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। এ সময় মামলা ও হামলার শিকারও হয়েছেন বলে জানান।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ে বিএনপির কিছু সিনিয়র নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে জায়গা করে দিচ্ছেন। যারা একসময় বিএনপির নেতাকর্মীদের নির্যাতন ও পুলিশি হয়রানি করেছেন, তাদেরই এখন বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।
খান সাইফুল লেখেন, ‘আমি রিফাইন্ড বিএনপি চাই। প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করে রিফাইন্ড বিএনপি গঠন করা হলে তবেই রাজনীতি করব। কিন্তু আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মিছিল-মিটিং করা আমার পক্ষে সম্ভব নয়, আমার রক্তে সেটা নেই।’
তবে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কোনো ক্ষোভ বা অভিমান নেই বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি অসুস্থ হওয়ার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ উদ্যোগে তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন বলে জানান খান সাইফুল। এ জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ভবিষ্যতে বিএনপি কোনো সংকট কিংবা আন্দোলন-সংগ্রামের মুখে পড়লে আবারও রাজপথে থাকার ঘোষণা দিয়ে খান সাইফুল বলেন, দলের প্রয়োজনে আন্দোলনে অংশ নিতে তিনি পিছপা হবেন না। তবে বর্তমান পরিস্থিতিতে সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে রাজনীতি করা তাঁর পক্ষে সম্ভব নয়।
দল ও দলের শীর্ষ নেতৃত্বের মঙ্গল কামনা করে বিএনপির নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ছাত্রদলের সাবেক এই নেতা।

