নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার শরিফপুর মোড় এলাকার একটি চালকলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুদামটিতে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল মজুদ রাখা হয়েছিল। মোট চালের পরিমাণ ২২ হাজার ২০ কেজি। এসব চাল মজুদের সঙ্গে জড়িত হিসেবে মিলনের নাম পাওয়া যায়। তিনি নওগাঁর নওহাটা এলাকার চৌমাশিয়া মোড়ের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
অভিযান শেষে চালগুলো জব্দ করা হয়। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন ইউএনও।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, চালের পরিমাণ বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

