কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেওয়া হয়। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর চালানো হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাগজপত্রেও আগুন দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

