মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের চেয়ারম্যানপাড়া থেকে তিনটি এবং সকাল ৭টার দিকে পাশের বোলতলা ব্রিজের ওপর থেকে আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চেয়ারম্যানপাড়ার মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া বোলতলা বাজারের অদূরে একটি ব্রিজের ওপর আরও তিনটি একই ধরনের বস্তু পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো সেখানে রেখে গেছে।
একই রাতে ও সকালে পৃথক দুটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বোমা সদৃশ বস্তু রেখে যেতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো প্রকৃত বোমা কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

