নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হয়েছে। হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন থেকেই নিহতের পরিবার এটিকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। থানায় হত্যা মামলা করতে চাইলেও প্রথমে অপমৃত্যুর মামলা নেওয়া হয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে। ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় ব্যক্তিরা।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

