নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে যমজ নবজাতকের জন্ম এবং এর মধ্যে একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। সিভিল সার্জন কার্যালয়ের গঠিত বিশেষজ্ঞ তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রসূতির গর্ভে যমজ নয়, একটি সন্তানই ছিল। তবে বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার হওয়া শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগে উল্লেখ করা শিশুটি কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর স্বজনদের কাছে একটি নবজাতক হস্তান্তর করা হয়। এ ঘটনায় যমজ শিশুর একজনকে চুরির অভিযোগ ওঠে। প্রকাশিত সংবাদ ও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট নয়জন চিকিৎসক ও ব্যক্তির সাক্ষ্য নিয়ে ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটির সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ এম রেজাউল মাহমুদ প্রতিবেদনে জানান, তিনি ওই প্রসূতির তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। গত ১০ আগস্টের রিপোর্টে একটি সন্তান থাকার কথা উল্লেখ ছিল। পরবর্তী ১২ ও ২১ অক্টোবরের দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হলেও সংযুক্ত ছবির সঙ্গে রিপোর্টের সামঞ্জস্য পাওয়া যায়নি। তাঁর মতে, যমজ সন্তান প্রমাণের জন্য উভয় শিশুর উপস্থিতি ছবিতে স্পষ্ট হওয়া প্রয়োজন। তাই ওই দুটি রিপোর্টকে সঠিক বলে মনে হয়নি এবং তাঁর মতামত অনুযায়ী, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত কমিটিকে জানান, রোগীর আগের দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের একটিতে একটি এবং অন্যটিতে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। পরে পুনরায় আল্ট্রাসনোগ্রাম করানো হলেও সেখানেও যমজ সন্তানের কথা আসে। গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিজারিয়ান করে তিনি একটি শিশুই পান। বিষয়টি সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদের জানানো হয়। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসক ও অন্যরাও এ বিষয়ে অবগত ছিলেন বলে তিনি জানান। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেন তিনি।
অপারেশন দলের সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়াল জানান, অপারেশনের সময় একটি শিশু, একটি প্লাসেন্টা ও একটি কর্ড পাওয়া যায়। শিশুটি ছিল মেয়ে এবং তার ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি। তাঁর বক্তব্যেও যমজ সন্তান জন্মের তথ্য সঠিক নয় বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক দাবি করেন, একটি মহল মিথ্যা তথ্য প্রচার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, পুলিশ যথাযথ তদন্ত ছাড়াই মামলা করেছে। তিনি তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশা প্রকাশ করেন।
অন্যদিকে, যমজ শিশুর একজন নিখোঁজ হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে একটি শিশুকে উদ্ধার করে পুলিশ। তবে শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া সেই শিশু কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। কমিটি আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়ে তদন্ত সম্পন্ন করেছে। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ তাঁরাই নেবেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু নাও হতে পারে। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে।

