নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বিএনপি নেতা নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ২০ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২) সহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহিন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রথমে সোহেল এবং কিছুক্ষণ পর শাহিনের মৃত্যু হয়।
কালিয়া পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে সোহেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্যার ছেলে এবং কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন এ হামলায় জড়িত থাকতে পারেন।
এদিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

