মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ফাঁসির আসামি। তাঁর ফাঁসির রায় হয়েছে। অনেক মামলায় তাঁর এবং তাঁর দোসরদের অনেকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইন অনুযায়ী, কোনো দেশের হেফাজতে সাজাপ্রাপ্ত আসামি থাকলে তাকে সংশ্লিষ্ট দেশের হাতে তুলে দিতে হবে। হাসিনা আসুক, আমরা বলছি, আইন অনুযায়ী তাঁর বিচার হবে।’
শনিবার (২১ নভেম্বর) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের একটি কক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘এখন তারা ভারতে বসে ষড়যন্ত্র করছে। আর ষড়যন্ত্রের মূল কেন্দ্র গোপালগঞ্জে। টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে এবং রাস্তায় গাছ কেটে অরাজকতার রাষ্ট্র সৃষ্টি করতে চায়। তা হতে দেওয়া হবে না।’
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী ও বিএনপি নেতা ড. রইচ উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

