দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অধীন ১৪টি সাংগঠনিক থানার নবনির্বাচিত আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিরামপুর উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আবু হানিফ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন জেলা আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন মোল্লা নবনির্বাচিত আমীরদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় নবনিযুক্ত জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকতসহ জেলা কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা নায়েবে আমীর ও ১৪ সাংগঠনিক থানার নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
নবনির্বাচিত আমীররা হলেন—দিনাজপুর শহরে হাফেজ মাওলানা মাছুম তারিফ, দিনাজপুর সদরে মাওলানা নুরুল্লাহ সরকার, বিরলে হাফেজ মাওলানা আব্দুর রশিদ, বোচাগঞ্জে মো. মাহবুব আলম, কাহারোলে মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জে মো. মঞ্জুরুল ইসলাম, খানসামায় মো. সামিউল ইসলাম, চিরিরবন্দরে প্রভাষক মো. রাশেদুল হক, পার্বতীপুরে মো. ইউসুফ আলী, ফুলবাড়ীতে মাওলানা মো. জয়নাল আবেদিন, বিরামপুরে মাওলানা মো. আবু হানিফ, নবাবগঞ্জে মাওলানা মো. আবুল কাসেম, হাকিমপুরে মাওলানা আমিনুল ইসলাম এবং ঘোড়াঘাটে মাওলানা মো. রেজাউল করিম।
শপথ অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁদের নেতৃত্বে দিনাজপুরের উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ জানান তাঁরা।

