কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও বৈরী আবহাওয়া সেই আনন্দে শঙ্কা তৈরি করেছে। গত দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনক্ষেতে পানি জমে কাটা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে কেটে রাখা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জমিতে থাকা পাকা ধান কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় রয়েছেন অনেক কৃষক।
কুষ্টিয়ার মাঠজুড়ে এখন আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম চলছে। চলতি মৌসুমে ফলন ভালো হলেও সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এর মধ্যে হঠাৎ বৃষ্টিতে নতুন করে বিপাকে পড়েছেন তারা।
দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার কৃষক মো. আব্দুল কুদ্দুস জানান, এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হচ্ছে। প্রতি বিঘায় ২০ থেকে ২৪ মণ পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। তবে সার ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে প্রায় ১২ হাজার টাকা। এর মধ্যে বৃষ্টির কারণে ধানের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকদের দাবি, সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। অন্যথায় বাড়তি উৎপাদন খরচের কারণে ভবিষ্যতে আমন চাষে আগ্রহ হারাতে পারেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে কুষ্টিয়ায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ৩ দশমিক ৬৪ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ভালো ফলনের সম্ভাবনা দেখা দিলেও বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কৃষক ও সংশ্লিষ্টদের আশঙ্কা, উৎপাদন খরচ নিয়ন্ত্রণ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে আমন চাষে কৃষকের আগ্রহ কমে যেতে পারে। এতে ভবিষ্যতে চালের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতাও বাড়তে পারে।

