দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে বৈদ্যনাথ দাশ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ছয়জনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযুক্তরা হলেন, বসন্তপুর গ্রামের শঙ্কর দাশ (৫০), দিপঙ্কর দাশ (৪৬), শ্রাবন্তী দাশ (৪২), মিতা রানী দাশ (৩৬), দীপ দাশ (২০) ও তীর্থ দাশ (১৯)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বসন্তপুর মৌজায় বৈদ্যনাথ দাশের রেকর্ডীয় ৪০ দশমিক ৫০ শতক জমি এবং ১৮ শতক সরকারি ইজারাকৃত জমি রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ঘরবাড়ি নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন তিনি। জমির পশ্চিম পাশ দিয়ে একটি সরকারি রাস্তা রয়েছে। অভিযোগ, প্রতিপক্ষরা ওই রাস্তার ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করেছেন। পাশাপাশি বৈদ্যনাথের জমির ওপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা ও জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন।
এ নিয়ে বৈদ্যনাথ দাশ গত ৬ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরার আদালতে পি-৪০৬/২৬ নম্বরে মামলা করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন। পরে সরকারি সার্ভেয়ার সরেজমিনে জমি পরিমাপ করে উভয় পক্ষের সীমানা নির্ধারণ করে দেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ নভেম্বর সকাল ১০টার দিকে নির্ধারিত সীমানা অনুযায়ী বেড়া দেওয়ার জন্য সুতা টানাতে গেলে অভিযুক্তরা বাধা দেন। একপর্যায়ে তাঁকে মারপিট করে আহত করা হয় এবং তাঁর ভোগদখলীয় জমি দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে আহত বৈদ্যনাথ দাশ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

