জয়পুরহাট প্রতিনিধি
গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী (এমপি)।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। অর্থাৎ ৪০ কেজি ধানের দাম ১ হাজার ৪০০ টাকা, যা গত বছরের তুলনায় কেজিতে এক টাকা বেশি। কৃষকরা যাতে সরকার নির্ধারিত এ দাম পান, সে লক্ষ্যেই ধান সংগ্রহ করা হচ্ছে।
তিনি জানান, কালাই উপজেলায় প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য রয়েছে। তবে লক্ষ্যমাত্রার বাইরে কৃষকরা ধান নিয়ে এলেও তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির আহ্বান জানান তিনি।
ধান সংগ্রহে হয়রানি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, সংগ্রহ কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে কার্যক্রম তদারকি করা হচ্ছে। সরকারি ধান সংগ্রহ কোনো সিন্ডিকেটের কাছে জিম্মি হতে দেওয়া হবে না।
খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো চক্র নেই। প্রতিটি সংগ্রহকেন্দ্রে ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা তাঁকে সরাসরি জানানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষক ও গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় ৩ হাজার ৯০৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদরে ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই ও ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

