Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘শান্ত ভাণ্ডারিয়াকে অশান্ত করতে দেব না’—প্রতিমন্ত্রী সোহেল মনজুর

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় গভীর মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)। তিনি বলেছেন, ‘শান্ত ভাণ্ডারিয়াকে অশান্ত করতে দেব না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা হবে।’

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাসে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। একটি মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তের মাধ্যমে ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ভাণ্ডারিয়া একটি শান্তিপূর্ণ জনপদ। এ এলাকার শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না। এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবাইকে সহযোগিতা করতে হবে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্টরা আবারও আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা চলছে।

তিনি বলেন, বিএনপি অতীতেও আইন নিজের হাতে তুলে নেয়নি, এখনও নেবে না। কোনো অপরাধ সংঘটিত হলে আইন ও প্রশাসনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। প্রতিশোধ কিংবা পাল্টা সহিংসতার পথে না গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের বিচার করা হবে।

ভাণ্ডারিয়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সীমাহীন দুর্নীতির কারণে বিভিন্ন উন্নয়নকাজ বন্ধ হয়ে রয়েছে। এসব কাজ দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নকাজের বাধা দূর করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভাণ্ডারিয়ার শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ পরিবেশনে সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত সততা বজায় রাখতে হবে। ‘বিক্রি হওয়া সাংবাদিকতা চলবে না’ উল্লেখ করে তিনি বলেন, সংবাদকে ব্যক্তিগত স্বার্থ কিংবা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। ভুয়া পত্রিকা ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপতৎপরতা চালানোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।