কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও পুণ্যস্নান ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সোমবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাস উৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোরে পূর্ণিমা তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরে পুণ্যস্নানে অংশ নেবেন হাজারো ভক্ত ও পুণ্যার্থী।
উৎসব উপলক্ষে ইতোমধ্যে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভক্তদের আগমন শুরু হয়েছে। সোমবার রাতে পূজা, নামকীর্তন, ভাগবত পাঠ ও আরতির আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এবার কুয়াকাটায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটবে।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নীহার রঞ্জন মণ্ডল বলেন, সোমবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষে রাতভর ধর্মীয় অনুষ্ঠান চলবে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূর্ণিমা তিথিতে ভক্তরা সাগরে পুণ্যস্নান করবেন।
পুণ্যস্নান শেষে মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে পাঁচ দিনব্যাপী রাসমেলা ও ধর্মীয় অনুষ্ঠান। ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা। মেলাকে ঘিরে বসেছে শতাধিক অস্থায়ী দোকান।
কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সিকদার কালা বলেন, প্রতিমা স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসবের সূচনা হবে। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
কলাপাড়া শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ হাওলাদার বলেন, পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ আয়োজন সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করেন তিনি।
এদিকে উৎসব উপলক্ষে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। থানা পুলিশ, সেনাবাহিনী, টুরিস্ট পুলিশ ও গ্রাম পুলিশসহ পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে একাধিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জানিয়েছে, পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তাদের সদস্যরা। অন্যদিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে কুয়াকাটায় উল্লেখযোগ্যসংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের আগমন ঘটবে বলে তাঁরা আশা করছেন।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক জানান, রাস উৎসব ও পুণ্যস্নান ঘিরে পৌরসভার পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সমাবেশে মানুষের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

