জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা হতে খুলনাগামী গ্রীল লাইন পরিবহন ঢাকা মেট্রো ব ১১-৩৪০৩ নামক বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শনিবার (০৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদির শিকদারের ছেলে রুমন শিকদার (১৬) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আতিক (১৫)।
ওসি জানান, দুই বন্ধু রুমন ও আতিক একটি মোটর সাইকেলে করে ভাটিয়াপাড়া থেকে পোনা গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের কাছে পৌঁছালে খুলনাগামী সেবা গ্রীণলাইনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে আতিক মারা যান। পরে স্থানীয়রা আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এদিকে গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার পালিয়ে গেছে।

