এম এ ফয়সাল, সাতক্ষীরা
সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত এই কর্মসূচিতে দীর্ঘ সময় ধরে রোদে দাঁড়িয়ে থাকার পাশাপাশি আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
অসুস্থ সাংবাদিকদের মধ্যে রয়েছেন—
যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির আহসান রাজিব, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, আমাদের সময় ও মাছরাঙ্গা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা এবং গাজী হাবিব।
তাদের মধ্যে বেশ কয়েকজনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে।
সাংবাদিকরা জানান, কর্মসূচির সময় নির্ধারিত ছিল সকাল ৯টা ৩০ মিনিট, কিন্তু কেন্দ্রীয় নেতারা আসেন বেলা ১২টা ২১ মিনিটে এবং মঞ্চে ওঠেন ১টা ৪৪ মিনিটে। এর মধ্যে সাংবাদিকদের রোদে দাঁড়িয়ে থাকতে হয় ছায়া বা পানির কোনো ব্যবস্থা ছাড়াই। দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠান শেষ হওয়ার আগপর্যন্ত কেউ কোনো সহায়তা দেয়নি।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, “আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আয়োজকদের ন্যূনতম সহানুভূতি বা দায়িত্ববোধ ছিল না। এমন অব্যবস্থাপনা পুরো অনুষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করেছে।”
এদিকে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলাম, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিনসহ অন্যান্য নেতারা।
সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশ বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

