আজাহার আলী, বগুড়া
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় সজিব মিয়া (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। নিহত সজিব শরিফ উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজিব মিয়া ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হন। পরিবারের মধ্যে তিনি ছিলেন দুই ভাইয়ের মধ্যে ছোট। এর আগে ২০১৯ সালে তার বড় ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন এবং ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান সজিবের মা মিষ্টি খাতুন।
শনিবার রাতে সজিব তার বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়া স্থানীয়রা তার বাড়ির গেটের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা শরিফ উদ্দিন বলেন, রাতে আমরা একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সজিব ঘর থেকে বেরিয়ে গেছে তা বুঝতে পারিনি। সকালে লোকজনের ডাকে আমার ঘুম ভাঙে। তারপর দেখি ঘরের দরজা ও গেট খোলা। গেটের পাশে ছেলের রক্তাক্ত দেহ পড়ে আছে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের কপালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা আমরা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

