যশোর প্রতিনিধি
যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু মুর্যাল সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল থেকে বুলডোজার দিয়ে মুর্যালটি গুড়িয়ে দেওয়া হয়। মুর্যাল ভেঙে দেওয়া সেই স্থানেই নির্মাণ করা হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’। আগামীকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্মৃতিসৌধ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, মুর্যাল ভাঙার পাশাপাশি স্মৃতিসৌধ এলাকা ঘিরে থাকা প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে। এতে করে ওই এলাকায় যানজট নিরসনে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
গণপূর্ত অধিদপ্তরের যশোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। ১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট প্রস্থের স্মৃতিসৌধ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১৪ লাখ টাকা।
তিনি আরও জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময়কার উদ্দীপনামূলক স্লোগানগুলোই স্মৃতিসৌধের বিভিন্ন অংশে খোদাই করে স্থাপন করা হবে। এতে প্রতিফলিত হবে সেই সময়কার জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা, যা আগামী প্রজন্মকে সেই আন্দোলনের গুরুত্ব স্মরণ করিয়ে দেবে।
স্মৃতিসৌধটি নির্মাণ শেষ হলে এটি যশোরের মানুষের জন্য এক যুগান্তকারী ঐতিহাসিক প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

