গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ষাবরণ ও কবি-সাহিত্যিকদের মিলনমেলা।
শনিবার বিকেলে বিএমএসএফ গৌরনদী উপজেলা কার্যালয়ে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এ আয়োজনে বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান অতিথি ছিলেন আগরপুর উত্তর সংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম।
ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, প্রভাষক মো. মাসুদ করিম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. বাদশা সিকদার, হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোষ দাস, কবি প্রকাশ রায়, শেখ খলিলুর রহমান, কবি শাহ আলম, আব্দুল মতিন ও কবি মুশফুক শুভো।
অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্যিক আড্ডা, কথামালা, সংগীত ও পুঁথিপাঠ পরিবেশনের মাধ্যমে সাহিত্যপ্রেমীরা নিজেদের মেধা ও ভাবনার প্রকাশ ঘটান।
আয়োজকরা জানান, বর্ষা শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এটি সাহিত্য-সংস্কৃতিরও এক অনন্য অনুপ্রেরণা। এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে সাহিত্যচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

