মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। এরপর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সামাজিক বন বিভাগের দিনাজপুর বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, বন কর্মকর্তা হরিপদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলার উদ্বোধন শেষে অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে গাছ লাগানোর আহ্বান জানান।
এবারের বৃক্ষমেলায় জেলার ৩৪টি নার্সারি অংশগ্রহণ করেছে, যেখানে ফলদ, বনজ ও ঔষধিসহ নানা জাতের চারা গাছ প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়বাসীর মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

