পিরোজপুর প্রতিনিধি
সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ বিন সাঈদী। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত পনেরো বছর ধরে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার ও গঠনমূলক রাজনীতির পক্ষে আন্দোলন করে এসেছে। সেই ধারাবাহিকতায় ৫ আগস্ট এসেছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের সুযোগ নিয়ে।”
তিনি আরও বলেন, “যারা জামায়াতকে নিষিদ্ধ করতে চায়, তারা ইতিহাস থেকেই মুছে যাবে। যারা আজ মিছিলে অংশগ্রহণকারীদের তালিকা করছে, তারা জেনে রাখুক, জনগণও তাদের তালিকা করছে। যুদ্ধাপরাধের নামে যে বিচার হয়েছে তা ছিল একটি পরিকল্পিত প্রক্রিয়া। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ রয়েছে, সেসব অপরাধের বিচার একদিন হবেই।”
মাসুদ সাইদি আরও বলেন, “প্রকৃত পরিবর্তনের জন্য আমাদের ধৈর্য ও শান্তি বজায় রাখতে হবে। উসকানিতে পা না দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবেই।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

