হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার (৯ আগস্ট) জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ জেলা শাখার আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
দিনটি উপলক্ষে সকালে নজিপুর পাবলিক মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রী সোবোধ উরাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক যোগেন্দ্র নাথ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে আদিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ৫টি আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব পরিবেশনায় নৃত্য, সংগীত ও নাটক পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। এসময় অনুষ্ঠানস্থলটি পরিণত হয় আদিবাসী সম্প্রদায়ের এক মিলনমেলায়।

