বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
২০২৫ সালের ৭ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।
কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন সমাজসেবক মুহাম্মদ শিহাব উদ্দিন।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মাদ্রাসাটি আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে। অধ্যক্ষ বাবর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

