নাইম উদ্দিন আকন, পিরোজপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি তাঁর জীবন ও কর্মের মাধ্যমে জাতির জন্য দৃষ্টান্ত রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. নাজিব মোমেন আরও বলেন, “আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন। তাঁর অসংখ্য বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে এবং মানুষ ইসলামী আদর্শে উজ্জীবিত হয়েছে। জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
তিনি জানান, আল্লামা সাঈদীর রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাবে, আর তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হওয়া দায়ী ও মুফাসসিররা তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, সাবেক নায়েবে আমীর ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আ. কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ইমরান খানসহ দলীয় নেতৃবৃন্দ।

