Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে ১০ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য, বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ আগস্ট) ভোর ৪টার দিকে দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/১১-এস থেকে আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে “মুন্সীগঞ্জ” নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বাধীন বিজিবি টহল দল।

আটক দুই ব্যক্তি হলেন– দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং মোহাম্মদপুর গ্রামের শওকত মণ্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ৫০ মিলিলিটারের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত এসব মাদক ও অস্ত্রের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক সিনবাদ আলী কুখ্যাত মাদক ও অস্ত্র চোরাকারবারি এবং সে আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। উল্লেখ্য, গত ২৭ জুন রাতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মোহন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এই অভিযানের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আটককৃতদের দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।