চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের ১২ দিন পর মিনি বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের একটি মাছের ঘেরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিনি বেগম ওই গ্রামের সোলাইমান ফকিরের স্ত্রী। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মিনি বেগম গত ২০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও এলাকায় পোস্টার লাগিয়েও তাঁর সন্ধান পাননি। পরে রোববার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের ছেলে আলামিন ফকির জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজ হওয়ার পর এ ঘটনায় চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছেই তাঁর মরদেহ পাওয়া গেছে। এর আগেও তাঁর মা কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তবে কয়েক দিন পর আবার বাড়িতে ফিরে আসতেন।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

