রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা শামীম শেখকে (৪৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) সকালে তার ভাড়া বাসা থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশ।
নিহত শামীম শেখ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। পেশায় তিনি কীটনাশকের ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করতেন।
শামীমের পরিবারের সদস্যরা জানান, সকালে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান। তার গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে।

