মো. আলী আহ্সান রাজ, ময়মনসিংহ
“ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়, এটি জীবন বদলে দেওয়ার উপায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
র্যালিটি মাসকান্দার নতুন বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন হাসপাতাল, ফিজিওথেরাপি কলেজ, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।
পরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফিজিওথেরাপি চিকিৎসক মুর্শেদুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়া বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, এবং অন্যান্য বিশেষজ্ঞগণ।
বক্তারা বলেন, “শারীরিক পুণর্বাসন এবং সুস্থ জীবনে ফেরার জন্য ফিজিওথেরাপি অপরিহার্য। দুর্ঘটনায় আহত, পক্ষাঘাতগ্রস্ত বা হাড়-জোড়ের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য।”
তারা আরও বলেন, “একজন সুস্থ মানুষ মানেই একটি সুস্থ পরিবার ও সমাজ। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলেও ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে হবে।”
অনুষ্ঠানে ময়মনসিংহ ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট বেলায়েত আঁকন্দ এবং সদস্য সচিব রাফিউল করিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাফিউল করিম একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

