মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, শিক্ষক আব্দুল হান্নান প্রায়ই ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেন, অশোভন আচরণ করেন এবং মোবাইলে অশ্লীল ভিডিও দেখান। এর প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আব্দুল হান্নান এর আগেও অন্য একটি স্কুলে একই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাকে বদলি করা হয়েছিল। স্থানীয় প্রভাবশালী পরিবার থেকে আসার কারণে তিনি বারবার এমন অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।
মানববন্ধনে বক্তারা ওই শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান বলেন, “স্থানীয় একটি মহল গ্রাম্য শত্রুতার জেরে তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে।”
মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা বলেন, “অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. শাহীনুর আক্তার জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা অফিসারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

