কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিসর্জন ঘাটটি পরিবেশবান্ধব ও সুশৃঙ্খলভাবে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ইউএনও রাসেল ইকবাল বলেন, “দুর্গাপূজা আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব। এই উৎসবের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের নির্বিঘ্ন পূজা ও প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।” তিনি আরও বলেন, “বিসর্জন ঘাটকে পরিবেশবান্ধব হিসেবে প্রস্তুত করা আমাদের প্রধান লক্ষ্য, যাতে এটি কোনোভাবেই পরিবেশের ক্ষতি না করে।”
এ সময় আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ইউএনও-র এমন তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রতিমা বিসর্জনের পূর্বে উপজেলা প্রশাসনের এমন সক্রিয়তা আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং এটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আস্থার সৃষ্টি করেছে।”
পরিদর্শনকালে ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জাকারিয়া হোসেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ সহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

