আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা শোষন নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। চেয়েছিলাম একটি সুখী সমৃদ্ধ স্বাধীন দেশ। আসলে সেটা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। সমাজের বিভিন্ন স্তরে এখনো দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দূর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর স্লোগান:-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় সকাল ১০ টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।
মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।
বিতর্কের বিষয় : দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি। বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

