Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৬ জেলার উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ জরুরি: খৈয়াম

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি


দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের মোট ২৬টি জেলার আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন লোকমান হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খৈয়াম বলেন, “দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু এবং রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করতে পারলে গোটা অঞ্চলের কৃষি, শিল্প, বাণিজ্য ও যোগাযোগ খাতে অভাবনীয় অগ্রগতি সাধিত হবে। পাল্টে যাবে আওয়ামী লীগ আমলের উন্নয়ন বঞ্চিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেহারা।”

তিনি আরও বলেন, “ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের নদনদীগুলো শুকিয়ে মরুকরণ শুরু হয়েছে। লোনা পানি প্রবেশ করছে অভ্যন্তরীণ নদ-নদীতে। ভবিষ্যতের ভয়াবহতা ঠেকাতে উজানে বাংলাদেশের অংশে ব্যারেজ নির্মাণ অপরিহার্য।”

খৈয়াম দাবি করেন, গত ২০ বছর ধরে তিনি এই দুটি মেগা প্রকল্প নিয়ে আন্দোলন করে আসছেন। এবার জাতীয় পর্যায়ে ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের বিষয়ে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে তিনি এই প্রকল্পগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম শাহিনসহ দলীয় নেতাকর্মীরা।

খৈয়াম এ সময় গোয়ালন্দের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দৌলতদিয়ায় আধুনিক নৌবন্দর, রাজবাড়ীতে রেলওয়ে কারখানা, সেনা ক্যাম্প, বিশ্ববিদ্যালয়, আধুনিক হাসপাতালসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।